যশোর প্রতিনিধি:
যশোর শহরের বিরামপুর এলাকায় প্রতিবেশীদের বিরুদ্ধে মারধর, সিসি ক্যামেরা খুলে নেওয়া এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন মো. আরিফুর রহমান বাদল (৪০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় তিনি যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছেন।
অভিযোগে আরিফুর রহমান বাদল উল্লেখ করেন, তিনি মো. কোরবান হাওলাদার ছেলে। তিনি ২৪০, নলডাঙ্গা রোডের দক্ষিণাংশ, যশোর সদর, যশোর। বর্তমানে তিনি নোয়াপাড়া ইউনিয়নের বিরামপুর এলাকায় বসবাস করেন।
অভিযোগে বিরোধীয় হিসেবে সদর উপজেলার
বিরামপুর কালীতলা এলাকায় মৃত খাতের আলীর ছেলে জাফর শেখ (৪২) তার স্ত্রী মোছা. রেবী (৩৫) তার ছেলে মো. মোহনের নাম উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, পারিবারিকসহ বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে বাদীর বিরোধ চলে আসছিল। এর জের ধরে ৩০ সেপ্টেম্বরসকাল আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা পূর্বশত্রুতার জেরে বাদীর বসতবাড়ির সামনে এসে বৈদ্যুতিক পিলারে লাগানো সিসি ক্যামেরা খুলে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি দেখে বাদী বাইরে এসে তাদের বাধা দিলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় বাদীর ডাক-চিৎকারে সাক্ষীরা এগিয়ে এলে অভিযুক্তরা সরে যান। পরে আরও কয়েকজন ব্যক্তি এসে হাতে থাকা ধারালো দা ও কাঠের লাঠি প্রদর্শন করে বাদীকে খুন জখমের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য কোতোয়ালি থানায় আবেদন করেছেন আরিফুর রহমান বাদল।