যশোর অফিস
যশোর পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে পৃথক রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে চাঁচড়া-পালবাড়ী সড়কের মৎস্য অফিসের সামনে থেকে লতিফের বাড়ি পর্যন্ত এবং ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর বায়তুল রহিম জামে মসজিদের সামনে (পিডিপি অফিসের পূর্ব পাশে) আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ জানান, পৃথক দুটি স্থানে মোট ২৪৫ মিটার আরসিসি সড়ক এবং ৯৫ মিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। এ কাজে ব্যয় ধরা হয়েছে ৯৫ লাখ টাকা। আগামী নভেম্বর মাসের মধ্যে সড়ক ও ড্রেন নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফ হাসান, সহকারী প্রকৌশলী কামাল আহমেদ, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিকসহ সংশ্লিষ্টরা।