যশোর হাসপাতালে সোনার চেইন চুরির চেষ্টায় নারীর ১৫ মাসের কারাদণ্ড

Share

যশোর অফিস
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর গলা থেকে সোনার চেইন চুরির চেষ্টার দায়ে শাহানা বেগম (৩৮) নামে এক নারীকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে ভিড়ের মধ্যে সোনার চেইন চুরির চেষ্টা করেন শাহানা। বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন তাকে আটক করে হাসপাতালের পুলিশ বক্সে হস্তান্তর করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
মামলায় পুলিশ অভিযোগপত্র দাখিলের পর মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দেন। সাজাপ্রাপ্ত শাহানা বর্তমানে কারাগারে রয়েছেন।

Read more