যশোর অফিস
যশোরে এক যুবদল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে এক তরুণীকে অচেতন করে শ্লীলতাহানি এবং আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত এজাহার দিয়েছেন।
অভিযুক্তরা হলেন,আলিমুজ্জামান ডালিম (৩৫) যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তিনি সিরাজসিংহ গ্রামের বাসিন্দা। মামলার অপর অভিযুক্তরা হলেন জয় (২৪),মেহেদি (৩৩),গোলাম (২৭)ও রবিউল (৩৫)।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়,মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের সুমাইয়া খাতুন (২১) নামের ওই তরুণীর সঙ্গে ডালিমের প্রেমের সম্পর্ক ছিল।গত২৫ আগস্ট বিকেলে ডালিম মোবাইল ফোনে তাঁকে কুয়াদা বাজারের একটি হোটেলে যেতে বলেন। সেখানে যাওয়ার পর তাঁকে চেতনানাশক মিশ্রিত পানীয় খাওয়ানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে তরুণী বলেন, রাত আনুমানিক ১১টার দিকে তাঁর জ্ঞান ফিরলে নিজেকে বস্ত্রহীন অবস্থায় দেখতে পান। এ সময় তিনি বুঝতে পারেন,সেখানে উপস্থিত ব্যক্তিরা তাঁর শ্লীলতাহানি করেছেন।
পরে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিলে তাঁর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এঘটনায় তরুণী কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।