যশোরে প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

Share

যশোর প্রতিনিধি:
যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ও ছাপাখানা মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।
রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম উপস্থিত প্রেস ও ছাপাখানা মালিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
পুলিশ সুপার বলেন, সামাজিক চিত্র তুলে ধরার ক্ষেত্রে প্রেস একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর মাধ্যম। সামাজিক দায়বদ্ধতা থেকে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, অপপ্রচার ও গুজবসহ বিভিন্ন অপরাধ নির্মূল করা সম্ভব।
তিনি বলেন, ব্যক্তিগত জীবনে সবার নিজস্ব পছন্দ-অপছন্দ ও মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে সরকারি ও আইনগতভাবে নিষিদ্ধ কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, অপপ্রচার, গুজব এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মোঃ আহসান হাবীব, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুম খানসহ যশোর জেলার বিভিন্ন পর্যায়ের প্রেস ও ছাপাখানা মালিকবৃন্দ।

Read more