হাসিনাসহ সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ

Share

যশোর অফিস:
গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে গণসমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। প্রধান বক্তা ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এমপি।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। তারা শেখ হাসিনাসহ আন্দোলনে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
এ সময় বক্তারা দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি অতীতের রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সরদার নুরুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক বাপ্পীসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর সমাবেশটি সঞ্চালনা করেন। সমাবেশকে কেন্দ্র করে চৌরাস্তা মোড় এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Read more