নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পূর্ব বারান্দী মোড়লপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. শরিফুল ইসলাম জিতু (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ভাই মো. সাইফুল ইসলাম শক্তি বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে পূর্ব বারান্দী ফুলতলা মাঠপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে শরিফুল ইসলাম জিতুর ওপর হামলা চালান। একপর্যায়ে হামলাকারীরা তাকে ধারালো দা দিয়ে মাথায় গুরুতর আঘাত করেন।
এ সময় জিতুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ৯৯৯ নাম্বারে কল পেয়ে থানা পুলিশ গুরুতর আহত জিতুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশে নেওয়ার পথে নড়াইল শহরে জিতুর মৃত্যু হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
নিহতের স্বজনদের দাবি, হামলায় জিতুর মাথা, বুক, হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত লাগে। এ ঘটনায় কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সুমন (৩২), সাজিদ (২২) ও শুকরন, পিংকিসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে জিতুকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়েরের পর ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।