যশোর অফিস: যশোরের মণিরামপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মহাসিন মোল্যা (২৩) নামে এক ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহাসিন মোল্যা উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে। পুলিশ জানায়, মরদেহে পচন ধরেছিল এবং মুখ দিয়ে রক্ত বের হওয়ার আলামত দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ব্যবহৃত ব্যাটারিচালিত ইঞ্জিন ভ্যান ও সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মরদেহ বাঁওড়ের পানিতে ফেলে দেওয়া হয়। পরে মরদেহটি ভেসে এসে রামপুর ঘাটের একটি বাঁশঝাড়ে আটকে যায়।
নিহতের বড় ভাই মিলন মোল্যা জানান, মঙ্গলবার বিকেলে মহাসিন ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার আগে শয়লা বাজারে তার সঙ্গে শেষবারের মতো দেখা হয়। তখন মহাসিন একটি বড় ভাড়া পেয়েছেন জানিয়ে চলে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন বুধবার মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে মরদেহ উদ্ধারের খবর পান তারা। মহাসিনের সঙ্গে থাকা ইঞ্জিন ভ্যান, দুটি মোবাইল ফোন ও নগদ টাকার ব্যাগ এখনো উদ্ধার হয়নি।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, বাঁওড় থেকে মহাসিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে পচন ধরায় খালি চোখে আঘাতের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি নিখোঁজ ভ্যান ও অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।