যশোরে মা/দকবিরোধী র‍্যালি, মা/দকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার

Share

যশোর অফিস: যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামে মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘোপ গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে এলাকাবাসী ‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’ স্লোগানে মাদকবিরোধী ঐক্যের ঘোষণা দেন।

মো.আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা অভিযোগ করেন, গ্রামের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। এর ফলে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি ও সামাজিক অপরাধ বাড়ছে। তারা জানান, ঘোপ গ্রামকে মাদকমুক্ত করতে কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে সামাজিকভাবে প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল আহমেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা বাবু ও মো. কালাম মোল্লা, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাঈদ মোল্লা, ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর লস্কর, ঘোপ উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. সালমান, হাফেজ মো. আবুজার, সুমন মাস্টার, হাফেজ জাহিদ, ইকবাল হোসেন, বুলবুল আহমেদ, আনিসুর রহমান (আনিস)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে একটি মাদকবিরোধী র‍্যালি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন এবং ঘোপ গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Read more