যশোর অফিস
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় পূর্ব বিরোধ ও মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা-সহ তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকার একটি ব্যবসায়িক অফিসে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা (৪০), রাজু (৩৫) এবং উপজেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম (৪১)। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধ ও মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একদল ব্যক্তি দেশীয় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ রয়েছে, রুহুল আমিন, কালা মানিক, ইউসুফ আলী, মানুসহ ১০-১২ জনের একটি দল এ হামলায় অংশ নেয়। হামলার পর তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
হামলায় আতাউর রহমান আতার বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। রাজুর পায়ে কোপ লাগে এবং সাইফুল ইসলাম লাঠিপেটা ও কিল-ঘুষিতে আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে হামলার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।