যশোর প্রতিনিধি
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে যশোরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে যশোর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সকাল পৌনে নয়টার দিকে শহরের টাউন হল ময়দান থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এর নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রাটি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে জজ কোর্ট মোড়, দড়াটানা মোড়, চিত্রা মোড়, থানা চৌরাস্তা, রেল রোড, আদ্-দ্বীন হাসপাতাল ও মাইকপট্টি মোড় ঘুরে পুনরায় টাউন হল ময়দানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, এনএসআই কার্যালয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মোঃ পারভেজ, যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান,সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাস রতন এবং চারুপীঠ আর্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাহাবুব মাসুদ জামিল সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। সন্ধ্যায় সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে প্রেসক্লাব অডিটোরিয়ামে আনন্দ -উৎসব ভরপুর সাংস্কৃতিক সন্ধ্যা ও মিষ্টি মুখের আয়োজন করে। অনুষ্ঠানে যশোরের সামাজিক রাজনৈতিক ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করতে এ আয়োজনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।