যশোরে পৃথক দুর্ঘটনায় শ্রমিক ও যুবক নিহত, আহত ২

Share

যশোর অফিস 
যশোরে পৃথক দুইটি দুর্ঘটনায় এক শ্রমিক ও এক যুবক নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাতে জেলার শার্শা ও সদর উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
প্রথম ঘটনায়, শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরের টিটিআই মাঠ এলাকায় কাজ করার সময় লোহার প্লেনশিট পড়ে এক শ্রমিক নিহত ও অপর একজন আহত হন। নিহত শ্রমিকের নাম শাহজাহান। তিনি কাগজপুকুর গ্রামের বাসিন্দা এবং ৮৯১ নম্বর শ্রমিক ইউনিয়নের ইকুইপমেন্ট সদস্য। আহত সোহেল বড় আঁচড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, ক্রেনের সাহায্যে লোহার প্লেনশিট বাংলাদেশি ট্রাকে তোলার সময় হঠাৎ কয়েকটি প্লেনশিট নিচে পড়ে গেলে দুই শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, একই রাতে যশোর সদর উপজেলার জগহাটি ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও অপর একজন গুরুতর আহত হন। নিহত শাওন হোসেন (২০) এবং আহত মারফি (২১) চুড়ামনকাঠি ইউনিয়নের আহসাননগর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে জগহাটি ব্রিজের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তারা সড়কে পড়ে যান। এসময় যশোর থেকে চৌগাছাগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই শাওন হোসেন নিহত হন এবং মারফি গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এবং আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পৃথক এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Read more