যশোরে এক আদালত বর্জন প্রত্যাহার, অন্যটি বহাল

Share

যশোর অফিস 
যশোর জেলা আইনজীবী সমিতি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত বর্জনের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ এএইচএম সাবেরুল হক সাবু। সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি দেবাশীষ দাস, এম. ইদ্রিস আলী এবং সাধারণ সম্পাদক এম এ গফুরসহ অন্য নেতারা।
আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আইরিন পারভীনের আদালত বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সমিতি। ফলে ওই আদালতে আইনজীবীরা আবার নিয়মিত কার্যক্রমে অংশ নেবেন।
তবে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রাশেদুর রহমানের আদালত বর্জন কর্মসূচি বহাল রাখা হয়েছে। একই সঙ্গে সভা থেকে তাঁর অপসারণের দাবিও জানানো হয়।
উল্লেখ্য, গত ৪ মার্চ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালত এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত বর্জনের ঘোষণা দেয় জেলা আইনজীবী সমিতি। পরবর্তীতে নতুন জেলা ও দায়রা জজ যোগদানের পর পরিস্থিতির পরিবর্তন হলে সর্বশেষ সভায় আংশিকভাবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সমিতি।

Read more