যশোরে ১২টি ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার

Share

যশোর অফিস 
যশোরের অভয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১২টি ককটেল বোমাসহ সুলতান গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
র‌্যাব-৬ সূত্রে জানা যায়,সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সিপিসি-৩,যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভয়নগর থানার উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় মো. সুলতান গাজীকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ১২টি বোমা সদৃশ ককটেল উদ্ধার করা হয়।
গ্রেফতার সুলতান গাজী আড়পাড়া এলাকার জাফফার গাজীর ছেলে। র‌্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে ককটেলগুলো জব্দ করা হয়েছে।
র‌্যাব-৬ আরও জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইন, চুরি ও হত্যা চেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, অবৈধ অস্ত্র ও নাশকতা প্রতিরোধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Read more