মধ্যপ্রাচ্যে সংঘাত: ৫ মার্চ পর্যন্ত যে ৬ রুটে সব ফ্লাইট বাতিল

Share

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আকাশপথের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে আগামী ৫ মার্চ পর্যন্ত ছয়টি রুটে সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমকে জানান, পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও, শনিবার শুরু হওয়া সংঘাতে মঙ্গলবার পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। প্রাণ হারান দেশটির উচ্চপর্যায়ের আরও কয়েকজন কর্মকর্তা। পাল্টা জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানে ৭৮৭ জন প্রাণ হারিয়েছেন।

Read more