যশোর তালাকপ্রাপ্ত স্ত্রীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

Share

যশোর অফিস 
তালাকপ্রাপ্ত স্ত্রীর কাছে চাঁদা দাবি ও ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দায়ের করা আদালতের পিটিশন যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলায় দুই ভাইকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ইধন মিয়ার ছেলে সুমন মিয়া (২৯) ও সাইফুল ইসলাম (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামের এক নারী (২৮) অভিযোগ করেন, ২০২২ সালে তার সঙ্গে সুমন মিয়ার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর তিনি জানতে পারেন, সুমন মিয়া চাঁদাবাজ ও যৌতুকলোভী প্রকৃতির ব্যক্তি। তার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করায় ২০২৫ সালের ১৯ মার্চ তিনি সুমন মিয়াকে তালাক দেন। এরপর থেকে তিনি পিতার বাড়িতে বসবাস করে আসছেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়,তালাকের পর থেকে সুমন মিয়া বিভিন্ন সময় ফোনে তাকে বিরক্ত করতেন। বাদীর মায়ের নামে থাকা একটি ফেসবুক আইডির পাসওয়ার্ড সুমন মিয়ার জানা ছিল। ওই আইডির প্রোফাইল ছবির জায়গায় বাদীর অন্তরঙ্গ মুহূর্তের ব্যক্তিগত ছবি আপলোড করা হয়, যা পরিবারের সদস্যদের নজরে আসে।
বিষয়টি জানতে পেরে বাদী লোক মারফত সুমন মিয়াকে ছবি ডিলিট করার অনুরোধ জানান। তবে অভিযোগ অনুযায়ী, সুমন মিয়া ছবি মুছে ফেলার বিনিময়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে আরও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
পরবর্তীতে নিরুপায় হয়ে গত ১০ জানুয়ারি বাদী সুমন মিয়ার বিকাশ অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পাঠান এবং ছবি অপসারণের অনুরোধ করেন। কিন্তু এরপরও সুমন মিয়া আরও এক লাখ টাকা দাবি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
উপায়ান্তর না পেয়ে বাদী যশোর আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালত পিটিশনটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দিলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে মামলাটি থানায় রেকর্ড করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read more