জামায়াত দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

Share

জামায়াতে ইসলামী বাংলাদেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ঢোলারহাটে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আজকে সকালে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম নারীরাও মিছিল করছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। জামায়াত বলছে, এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। জামায়াতের আমির সাহেব নাকি নারীদের বিরুদ্ধে কথা বলেছেন। বাজে কথা বলেছেন, যদি এটা হয়ে থাকে তাহলে অন্যায় করেছেন। বলা ঠিক করেননি। নারীরা এটা কখনোই মেনে নিতে পারবেন না। জামায়াত ইসলামীর ব্যাপারটাই তো এরকম- তারা নারীদের কাজ করতে দিতে চান না। ওরা বলে, নারীরা ঘরে থাকবে, যদি তারা ঘরে থাকে কাজ করবে কি। গার্মেন্টসে যেসব নারী কাজ করেন; তাদেরকে বলে দিয়েছে ৫ ঘণ্টার বেশি কাজ করতে পারবে না।

মির্জা ফখরুল বলেন, তারা কাজ না করলে খাবে কী? মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে তাহলে চাকরি পাবে কীভাবে? জামায়াত ইসলামী আসলে দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়।

বিএনপির মহাসচিব বলেন, জামায়াত আমাদেরকে সামনে যেতে বাঁধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, সামনে যেতে চাই। নারী-পুরুষ সবাই মিলে সমান অধিকার নিয়ে বসবাস করবে। বাংলাদেশের জনসংখ্যা পুরুষের চেয়ে নারীরা বেশি। ইসলামে বলা আছে, নারীদের সমান অধিকার প্রদান করতে হবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপির এমন একটি দল; আমার যা বলি বাস্তবে তা করি। বিএনপি নির্বাচিত হলে কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মাফ করা হবে। মায়েদের কৃষি কার্ড দেওয়া হবে, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। যার মাধ্যমে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পাবেন। এছাড়াও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেসব মায়েরা এনজিও থেকে ঋণ নিয়েছেন ১০ হাজার টাকা পর্যন্ত শোধ করার ব্যবস্থা করবেন আমাদের সরকার।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, বিএনপির সভাপতি আব্দুল জব্বার, ডোলারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকীকুর রহমান সিদ্দীকসহ স্থানীয় নেতাকর্মীরা।

Read more