যশোর অফিস
নারী প্রার্থী হওয়ায় ঝিকরগাছা- চৌগাছার সাধারণ মানুষের মধ্যে বিপুল জনপ্রিয়তাকে ভুল ও অসথ্য তথ্য দিয়ে বিভ্রান্তের চেষ্টা করা হচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থী পরিকল্পিত ভাবে তার বাড়িতে নারী কর্মী পাঠিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরী করে আচারবিধি লংঘনের বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছে সাংবাদিকদের কাছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন তিনি। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে সাবিরা নাজমুল মুন্নী বলেছেন, ২৫ জানুয়ারি দুপুরে জামায়াতে ইসলামের নারী কর্মীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী তার বাড়িতে ভোট চাইতে যায়। সে সময় তার বাড়িতে থাকা নারী সদস্যরা তাদের জানায় – “এই বাড়িতে একজন প্রার্থী আছে, তাহলে এই বাড়িতে এসে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চাওয়া বোকামি নয় কি?” তখন জামায়াতের নারী কর্মীরা বলেন “দাড়িপাল্লায় ভোট না দিলে মোনাফেক ও জান্নাত বঞ্চিত হবেন।” এই কথা বলার পর নারী কর্মীদের সাথে মৌখিক তর্ক বিতর্ক হয়। তারপর তারা বাড়ি ছেড়ে চলে যায়।
সংবাদ সম্মেলনে মুন্নী বলেছেন, ঘটনার সময় প্রয়াত নাজমুল ইসলামের ছোট ভাই আরাফাত কল্লোল বাড়িতে উপস্থিত ছিলেন না। অথচ দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাক্তার মুসলেহ উদ্দিন ফরিদ ফৌজদারি অভিযোগে উল্লেখ করেছেন কল্লোল না কি তাদের কর্মীদের ওপর হামলা করে নির্বাচনী আচরণবিধি লংঘন করেছেন। এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
তিনি বলেছেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থীর কর্মী সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে ভোটের সুষ্ঠু পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে। তিনি সব ধরনের মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্র মূলক কর্মকাণ্ডের নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে সকলকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেছেন, শুধু যশোর-২ আসনে নয়, যশোরের সবকয়টি আসনে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। নির্বাচনী সুস্থ পরিবেশ বানচাল করার জন্য নীল নকশা তৈরি করা হচ্ছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আরাফাত কল্লোল, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, পৌর বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া ইয়াসমিন, ছাত্রদলের কেন্দ্র কমিটির সহ-সম্পাদক নওয়াজিস ইসলাম রিয়েল প্রমুখ।