নতুন বছর উপলক্ষে বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ বার্তা দেন।
ডা. শফিকুর রহমান লিখেছেন, আরেকটি বছরের সূচনা হতে যাচ্ছে। এ বছরটি প্রিয় দেশবাসী এবং বিশ্ববাসীর জন্য সামগ্রিকভাবে মহান রবের কল্যাণের বাহন হোক। মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে বিগলিত চিত্তে সেই দো’য়াই করি।
তিনি আরও লিখেছেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তে আমাদের সামান্য সচেতনতা অনেক বড় উপকার বয়ে আনতে পারে। আতশবাজির উচ্চ শব্দে পাখি ও পোষা প্রাণীরা ভীত ও ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে এই শব্দ বয়স্ক মানুষ, অসুস্থ রোগী ও শিশুদের জন্য অস্বস্তি ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। ফানুস ব্যবহারে অগ্নিকাণ্ডের আশঙ্কাও থাকে।
আহ্বান জানিয়ে জামায়াত আমির লিখেছেন, আসুন, পূর্ণ সচেতনতা ও সুস্থতা বজায় রেখে মানুষ ও প্রাণীর নিরাপত্তা, পরিবেশের ভারসাম্য এবং সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যকর, শান্ত ও দায়িত্বশীলভাবে নতুন বছরকে বরণ করি।
সবশেষে তিনি লিখেছেন, মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ, নিরাপদ ও কল্যাণময় রাখুন। আমিন।