‘তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, নিহত ঘুমন্ত শিশু, দগ্ধ আরও ৩

Share

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় ঘুমন্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম মারা যায়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরও দুই কন্যা শিশু বিথি আক্তার ও স্মৃতি আক্তার।

এর মধ্যে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। অপর বিএনপি নেতা বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন। ভবানীগঞ্জের চরমনসা এলাকায় নিজ ঘরে রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। এসময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় ঘুমন্ত শিশু আয়েশা বেগম অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই কন্যা। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পেট্রোল ঢেলে আগুন দেওয়ায় পুড়ে ছাই হয়ে গেছে বিএনপি নেতার বাড়ি। ছবি: সমকাল
পেট্রোল ঢেলে আগুন দেওয়ায় পুড়ে ছাই হয়ে গেছে বিএনপি নেতার বাড়ি। ছবি: সমকাল

পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থায় আশঙ্কাজনক। দুইজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রাতের আধারে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এক শিশু মারা যায়। অগ্নিদগ্ধ হন আরও তিনজন। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিৎ কুমার দাস বলেন, নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থায় গুরুতর। অগ্নিদগ্ধের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যান। আরও তিনজন অগ্নিদগ্ধ হন। তবে আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিতভাবে নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Read more