নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনে যে সিদ্ধান্ত নিলো ইসি

Share

আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ৩ স্তরের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ– এই তিন ভাগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে।

তিনি বলেন, প্রথম দিন থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত।

আখতার আহমেদ বলেন, সুষ্ঠু-সুন্দর ভোট অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। এর ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল পরিবেশ সুরক্ষায় সাইবার সিকিউরিটি সেল গঠন করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে।

ইসি সচিব বলেন, যেসব অস্ত্র এখনও উদ্ধার হয়নি সেগুলো দ্রুত উদ্ধার করতে সংশ্লিষ্ট বাহিনীকে তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্ত্রাসীদের ওপর বিশেষ নজরদারি বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলের কোনো নেতা কিংবা প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেওয়া যাবে না–আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশনা স্পষ্টভাবে জানানো হয়েছে।

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হয়েছে। তবে সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে বা কীভাবে মোতায়েন হবে, সে বিষয়ে এখনও আলোচনা হয়নি।

 

Read more