বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। এগুলো পাত্তা দেবেন না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে দাউদকান্দি উপজেলা সদরের শহীদ রিফাত পার্ক এলাকায় প্রাক নির্বাচনি গণ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীনভাবে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। তারা এখন মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য।
তিনি বলেন, জনগণ প্রত্যাশা করছে নিজের হাতে ভোট দিয়ে জনপ্রতিনিধিত্ব নির্বাচন করার। আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে সরকার হবে জনগণের সরকার, যিনি এমপি নির্বাচিত হবেন তিনি হবেন জনগণের এমপি।
বিএনপির এই নেতা বলেন, পিআরে গেলে যারা এমপি হবেন তারা দলের এমপি হবেন, জনগণের এমপি হবেন না। পিআরের মতো নানা উসিলা ধরে নির্বাচন বানচাল ও বিলম্বিত করার জন্য নানা রকমের ষড়যন্ত্র চলছে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
খন্দকার মোশাররফ বলেন, ইতোমধ্যে সরকার গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একদিনে করার জন্য ঘোষণা করেন। এটা কিন্তু আমাদেরও দাবি ছিল এবং বিএনপি সেটাকে সমর্থন করে।