যশোর অফিস
যশোরে ইয়াবা উদ্ধারের মামলায় ইন্তাজ মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। একই মামলার অপর আসামি লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ইন্তাজ মোল্লা যশোর সদর উপজেলার ঘোপ দক্ষিণপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।
মামলার অভিযোগে জানা যায়,২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ঘোপ দক্ষিণপাড়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটন পালিয়ে গেলেও ইন্তাজকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ইন্তাজ ও লিটনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে ইন্তাজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ সাজা দেন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।