মনিরামপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

Share

যশোর অফিস 
যশোরের মনিরামপুরে গভীর রাতে একটি বাড়িতে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে উপজেলার সুন্দলপুর গ্রামের পেয়ারাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মোশাররফ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে তার বোন রাফিয়া (৩৯), ভগ্নিপতি মনোয়ার হোসেন (৫০) ও পরিবারের সদস্যরা বসবাস করেন। রাতে জানালার গ্রিল ভেঙে এক ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় শব্দ শুনে মনোয়ার হোসেনের ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার করেন। পরে বাইরে থাকা আরও ৭-৮ জন ডাকাত ঘরে ঢুকে দা, হাসুয়া ও লোহার রড দেখিয়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।
ডাকাতরা নিচতলার দুটি কক্ষ ও দ্বিতীয় তলার দুটি কক্ষের আলমারি, ওয়ারড্রব, স্টিলের বাক্স ও বক্সখাটের ড্রয়ার ভেঙে আনুমানিক ৩-৪ ভরি স্বর্ণালংকার এবং ৪০-৫০ হাজার টাকা লুট করে। পরে তারা পটকা ফুটিয়ে পিকআপযোগে কেশবপুরের দিকে পালিয়ে যায়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসঙ্গে মোদিরামপুর থানার ওসি মোঃ আবু সাঈদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Read more