যশোর অফিস
দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত যশোরের ঐতিহ্যবাহী শামস-উল-হুদা স্টেডিয়ামের উন্নয়নে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চলতি বছরের ৩ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়। এর আগে অর্থ বিভাগের সম্মতির পর প্রকল্পটির ব্যয় সর্বোচ্চ ৩৪ কোটি ৪৫ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
বরাদ্দের মাধ্যমে স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারের পাশাপাশি আধুনিকায়ন করা হবে বলে জানা গেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এক ফেসবুক পোস্টে এ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা জানান।
যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক ক্রিকেটার মাহতাব নাসির পলাশ বলেন, দীর্ঘদিন পর স্টেডিয়ামের উন্নয়নে বড় ধরনের বরাদ্দ পাওয়ায় যশোরের ক্রীড়াঙ্গনে আশার সৃষ্টি হয়েছে। তিনি এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।