টিবি ক্লিনিক এলাকায় পরিত্যক্ত বাড়িতে মা,দ,কে,র কারবারের অভিযোগ

Share

যশোর অফিস 
যশোরের টিবি ক্লিনিক এলাকার দিলিপ মিয়ার গলিতে একটি পরিত্যক্ত বাড়িতে প্রকাশ্যে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পরিত্যক্ত থাকা বাড়িটি এখন মাদকসেবী ও কারবারিদের আখড়ায় পরিণত হয়েছে।
সোমবার সরেজমিনে গিয়ে কয়েকজনকে ওই বাড়িতে অবস্থান করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, সেখানে মাদক সেবন ও কেনাবেচা চলছিল। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদকসেবনের সরঞ্জাম ফেলে প্রাচীর টপকে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ইয়াবা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়।
এলাকাবাসীর অভিযোগ, আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কর্মকাণ্ড চললেও ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছেন না। প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হয় বলেও দাবি তাদের। তারা মাদক কারবার বন্ধের পাশাপাশি পরিত্যক্ত ঘরটি অপসারণের দাবি জানিয়েছেন।
বাড়ির মালিক কামাল হোসেন বলেন, তিনি ১৯৯০ সালে জমিটি কিনেছিলেন। সেখানে একসময় গরুর খামার ছিল। বর্তমানে বাড়িটি পরিত্যক্ত। মাদক কারবারিদের কারণে তিনিও অতিষ্ঠ হলেও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে অসহায় অবস্থায় রয়েছেন বলে দাবি করেন।
কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, তিনি সম্প্রতি থানায় যোগ দিয়েছেন। বিষয়টি আগে তার জানা ছিল না। তবে ওই এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর আশ্বাস দেন তিনি।

Read more