যশোর অফিস
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক জননেতা। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, প্রজ্ঞা এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা সর্বজনবিদিত। বর্তমান সংকটময় ও উত্তরণকালীন সময়ে রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর অভিজ্ঞতা দেশের গণতান্ত্রিক ধারা সুসংহত করার পাশাপাশি আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য আরও বলেন,নবনিযুক্ত রাষ্ট্রপতির সুযোগ্য নেতৃত্বে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাত আরও গতিশীল হবে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যবিপ্রবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় তাঁর দিকনির্দেশনায় আরও এগিয়ে যাবে।
এদিকে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
অভিনন্দন বার্তার শেষে উপাচার্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তাঁর দায়িত্বকালীন সময়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।