চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় ৬৮ বোতল এসকুফ (Eskuf) সিরাপসহ নয়ন বিশ্বাস (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে চৌগাছা থানার এএসআই (নিঃ) মো. মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চৌগাছা থানাধীন বর্ণি গ্রামের জনৈক মিহিরের পাটক্ষেতের সামনে বর্ণি (মাঝেরপাড়া)-রাজাপুরগামী ইটের সলিং রাস্তা থেকে নয়ন বিশ্বাসকে আটক করা হয়।
পুলিশের দাবি, এ সময় তার কাছ থেকে ৬৮ বোতল এসকুফ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক নয়ন বিশ্বাস যশোরের চৌগাছা থানার বর্ণি (হিন্দুপাড়া) গ্রামের বিমল বিশ্বাসের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।