যশোরে জমিজমা বিরোধে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

Share

যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার সাজিয়ালি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কোতোয়ালি থানাধীন সাজিয়ালি ইউনিয়নের আমবটতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আমবটতলা গ্রামের ফারুক হোসেন (৬০), তার মেয়ে লাকি আক্তার (৪০) ও সুফিয়া খাতুন (২১)।
অভিযোগ অনুযায়ী, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ফারুক হোসেনের সঙ্গে একই এলাকার হারুন (৫৫), তার ছেলে রাকিব (২৫), মেহের আলী (৬০) ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্তরা হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়ে ফারুক হোসেন, লাকি আক্তার ও সুফিয়া খাতুনকে মারধর করে আহত করে।
পরে পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

Read more