শার্শায় ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Share

যশোর অফিস 
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী জামাল বাবুচ্চী বাগআঁচড়া বাজারের ‘কাচ্চি বাড়ি বিরয়ানী হাউস’-এর মালিক। তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় শার্শা থানায় অভিযোগ দাখিল করে আইনি প্রতিকার চান।
অভিযুক্ত আসাদুজ্জামান আসাদ শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন উলামা লীগের সাবেক সভাপতি নিছার মুনশির ছেলে এবং বাগআঁচড়া সাতমাইল গ্রামের বাসিন্দা।
অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি হোটেল থেকে খিচুড়ি পার্সেল নেওয়ার পর কিছু সময় পরে ফিরে এসে খাবারে পোকা থাকার অভিযোগ তোলেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষ বিষয়টি পরীক্ষা করে সেটি পোকা নয়, বরং মুরগির মাংসের শিরা বলে জানান। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ওই ব্যক্তি আসাদুজ্জামান আসাদকে ঘটনাস্থলে ডেকে আনেন।
জামাল বাবুচ্চীর অভিযোগ, ঘটনাস্থলে এসে আসাদ হোটেলের সুনাম নষ্ট করার ভয় দেখিয়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Read more