যশোর অভয়নগরে চেতনানাশক প্রয়োগে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়া

Share

যশোর অফিস 
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় চেতনানাশক দ্রব্য প্রয়োগ করে একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নগদ এক লাখ টাকা ও প্রায় ৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে। অসুস্থ হয়ে পড়া ভুক্তভোগী দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর থানায় অভিযোগ করেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পাবনার সুজানগর উপজেলার বাসিন্দা ও ওরিয়ন ফার্মা লিমিটেডের কর্মী সুজন আলী (৪৪) পরিবারসহ অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল স্কুল সংলগ্ন তৈয়েব আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়ায় বসবাস করেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, ঘরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে।
পরে আলমারি পরীক্ষা করে দেখা যায়, তালা ভেঙে ভেতরে রাখা নগদ এক লাখ টাকা, দুটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের রুলি এবং দুটি স্বর্ণের আংটিসহ প্রায় ৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চেতনানাশক দ্রব্য ব্যবহার করে রাতের কোনো একসময় পাশের কক্ষের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী দম্পতি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তারা অভয়নগর থানায় বিষয়টি জানান। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more