দিল্লির ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

Share

যশোর প্রতিনিধি:
দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন, পুলিশি হামলা, গ্রেপ্তার ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে যশোর প্রেস ক্লাব চত্বরে ‘দিল্লির ছাত্র-জনতার আন্দোলনের সংহতি কমিটি, যশোর’-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
সমাবেশে ছাত্র ইউনিয়ন যশোর জেলা সংসদের সভাপতি রাশেদ খান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কমরেড খবির শিকদার, কর আইনজীবী এহসানুল হক সিয়াম, ছাত্রনেতা ইব্রাহিম খলিল, শিক্ষক নেতা খানজাহান আলী শান্ত, বাসদ নেতা উজ্জ্বল বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে রাশেদ খান বলেন, দিল্লির রাজপথে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত। শান্তিপূর্ণভাবে দাবি উত্থাপন কোনো অপরাধ নয়। লাঠিচার্জ, গ্রেপ্তার ও ভয়ভীতি দেখিয়ে ছাত্র-জনতার ন্যায্য আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
কমরেড খবির শিকদার বলেন, গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের ন্যায্য আন্দোলনের ওপর রাষ্ট্রীয় দমন-পীড়ন কোনো দেশের জনগণের সংগ্রামকে থামিয়ে রাখতে পারে না। দিল্লির আন্দোলনরত ছাত্র-জনতার প্রতি সংহতি জানানো গণতান্ত্রিক ও নৈতিক দায়িত্ব।
সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর যেকোনো আঘাতের বিরুদ্ধে দেশে-বিদেশের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা দিল্লির আন্দোলনরত ছাত্র-জনতার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।
এ সময় বক্তারা অবিলম্বে পুলিশি দমন-পীড়ন বন্ধ, নির্বিচারে গ্রেপ্তার প্রত্যাহার, আটক আন্দোলনকারীদের মুক্তি এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। সমাবেশ শেষে সংহতি কমিটির পক্ষ থেকে দিল্লির আন্দোলনরত ছাত্র-জনতার সংগ্রামের প্রতি অব্যাহত সমর্থন ও সংহতি ঘোষণা করা হয়।

Read more