ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোরে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মো. মিরাজুল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
পুলিশের আদালতে পাঠানো নথি সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানার মামলা নং-৬৬, তারিখ ২৪/০৯/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৪—আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মিরাজুল ইসলাম খুলনা জেলার কয়রা থানার নারায়ণপুর গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের স্টেডিয়াম পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
মামলার এজাহার ও পুলিশি নথিতে উল্লেখ করা হয়, বাদী হালিমা খাতুন (৩১) থানায় অভিযোগ করেন যে, তার ছেলে মো. ইকবাল হোসেন আলিফ (১৪) পারিস রোডের একটি ফাস্টফুডের দোকানে কাজ করে। অভিযোগ অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় মিরাজুল ইসলাম পথরোধ করে তার কাছে ১০০ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামি ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়।
পরে ওই কিশোরের কাছে টাকা না থাকায় তাকে মারধর ও ধারালো চাকু দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে সরে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মিরাজুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়েছে।