যশোর প্রতিনিধি:
যশোরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিতু (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় যশোর থেকে খুলনা এবং পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় সুমন নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত জিতু যশোর কোতোয়ালি থানার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সিরাজুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে কোতোয়ালি থানার বারান্দিপাড়া ফুলতলা মোড় এলাকায় জিতুর ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে জিতুর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয় পথচারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় জিতুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনায় রেফার্ড করেন। পরে খুলনা থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
গুরুতর আহত জিতুকে ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত জিতুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাকে খুলনায় রেফার্ড করা হয় এবং সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় সুমন নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।