নিজস্ব প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ায় ব্যবসায়িক বিরোধের জেরে ফকির আলীনুর হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি রাজিব শেখকে (৪৫) মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টা ২০ মিনিটের দিকে সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৬, সিপিসি-৩ যশোর ও সিপিসি-১ সাতক্ষীরার যৌথ আভিযানিক দল।
গ্রেপ্তার রাজিব শেখ নড়াইল জেলার লোহাগড়া থানার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।
র্যাব জানায়, নিহত ফকির আলীনুর ও গ্রেপ্তার রাজিব শেখ একই গ্রামের বাসিন্দা। ব্যবসার জন্য প্রায় পাঁচ মাস আগে আলীনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন রাজিব। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে ফকির আলীনুর মোবাইল ফোনে রাজিবের কাছে পাওনা টাকা চাইলে তাকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যেতে বলা হয়। পরে আলীনুর তার ভাই ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে রাজিবসহ অন্য আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আলীনুরের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার ভাই ও ভগ্নিপতিও আহত হন।
পরে স্থানীয়রা আহত ফকির আলীনুরকে উদ্ধার করে লোহাগড়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই আমিনুল ফকির বাদী হয়ে লোহাগড়া থানায় রাজিব শেখসহ অন্যান্য আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আসামি রাজিব শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল জেলার লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
নড়াইলের চাঞ্চল্যকর ফকির আলীনুর হ/ত্যা মামলার ১ নম্বর আসামি সাতক্ষীরা থেকে গ্রে/প্তা/র
Share
Read more