নিজস্ব প্রতিবেদক:
যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া এলাকায় গাছের উচ্ছিষ্টকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে মো. সাইফুল ইসলাম (৩৮) নামে এক কৃষককে ছুরি দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গয়ড়া এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম গয়ড়া গ্রামের মো. আরশেদ আলীর ছেলে।
অভিযোগ অনুযায়ী, বাড়িতে গাছের উচ্ছিষ্টকে কেন্দ্র করে সাইফুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই মো. আবু সাঈদের (১৮) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবু সাঈদ হাতে থাকা ছুরি দিয়ে সাইফুল ইসলামের ঘাড়ের বাম পাশে ও বাম হাতে আঘাত করে কাটা জখম করেন।
পরে পরিবারের সদস্যরা আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।