যশোর প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় ফকির আলীনুর হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি রহমান শেখ (২৫)কে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত ৩টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন হাসামদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রহমান শেখ নড়াইল জেলার লোহাগড়া থানার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।
র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প ও র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, নড়াইল জেলার লোহাগড়া থানার কুমারডাঙ্গা গ্রামের ফকির আলীনুর (পিতা—আঃ হাই ফকির) হত্যা মামলায় রহমান শেখ এজাহারনামীয় ২ নম্বর আসামি। মামলার অপর আসামি রাজিব শেখ ব্যবসা করার জন্য নিহত আলীনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ের মধ্যে ওই টাকা ফেরত না দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী ফকির আলীনুরকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করা হলে মামলার এজাহারভুক্ত আসামি রহমান শেখকে গ্রেফতারে অভিযান শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুরের বোয়ালমারী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে কোনো অভিযোগ বা মামলার তথ্য থাকলে তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানা গেছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।