শার্শায় র‍্যাব-৬ ও বিজিবির যৌথ অভিযানে ১ হাজার ৪৩ বোতল মা,দ,কসহ তিন কারবারি গ্রে,প্তা,র

Share

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় পৃথক দুইটি যৌথ অভিযানে ১ হাজার ৪৩ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্প ও ৪৯ বিজিবি। এ সময় তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার টেংরালী বাউন্ডারিপাড়া ও গোবিনাথপুর বটতলা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে যৌথ আভিযানিক দল।
প্রথম অভিযানে সকাল ৬টা ১০ মিনিটে টেংরালী বাউন্ডারিপাড়া এলাকা থেকে ৭৪৪ বোতল স্কাফ সিরাপসহ আবু বক্কর (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শার্শা উপজেলার টেংরালিপাড়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে।
এরপর সকাল ৮টা ১০ মিনিটে গোবিনাথপুর বটতলা এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে ২৬৯ বোতল উইনকেরেক্স ও ৩০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় বশির (২২) ও মিনহাজ নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। বশির শার্শা উপজেলার বটতলা গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তি মিনহাজ মো. সানাউল্লাহর ছেলে।
র‍্যাব জানায়, উদ্ধার করা মোট ১ হাজার ৪৩ বোতল মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি প্রিন্স বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত অপরাধী, অবৈধ অস্ত্র ও মাদক কারবারি এবং হত্যা-ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Read more