আলী হোসেন মনির স্মরণে যশোরে নাগরিক শোকসভা

Share

যশোর অফিস মুক্তিযুদ্ধকালীন যশোর জেলা বিএলএফ প্রধান ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণে শনিবার (১৮ জুলাই) বিকেলে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক শোকসভা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। শোকসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল লতিফ। প্রধান অতিথি ছিলেন নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোজাহেরুল ইসলাম মন্টু, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবেশউদ্দিন, কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুর রহমান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপংকর দাশ রতন, জয়তী সোসাইটির সভাপতি অর্চনা বিশ্বাস, জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি জিল্লুর রহমান ভিটু, নাগরিক শোকসভা কমিটির সম্পাদক হারুন অর রশীদ এবং মরহুম আলী হোসেন মনির কন্যা ফারজানা আলী। বক্তারা বলেন, আলী হোসেন মনি মুক্তিযুদ্ধে যশোর অঞ্চলে গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করেছিলেন। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান, দেশপ্রেম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে তাঁর কর্মময় জীবন ও মুক্তিযুদ্ধকালীন ভূমিকার বিভিন্ন দিক স্মরণ করা হয়।

Read more