নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর চাচি মোছা. রুপা খাতুন (৪০) শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, শিশুটির বাবা মো. জামের আলী ও মা মোছা. রাবেয়া খাতুন—উভয়েই বাক ও শারীরিক প্রতিবন্ধী।
এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে শার্শা উপজেলার কৃষ্ণপুর দক্ষিণপাড়ায় অভিযুক্ত মো. নুরুল হক নুরু (৪০) নিজ বাড়িতে ৮ বছর বয়সী শিশুটিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে ঘটনাটি প্রকাশ পেলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় শার্শা থানায় ধর্ষণচেষ্টার মামলা রুজু হয়।
মামলা দায়েরের পর যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাতভর অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারের পূর্ব পাশ থেকে মামলার একমাত্র আসামি মো. নুরুল হক নুরুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুরুল হক নুরু (৪০) কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবারই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
(ভুক্তভোগী শিশু হওয়ায় তার পরিচয় ও ব্যক্তিগত তথ্য গোপন রাখা হয়েছে।)