নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বহুল আলোচিত আফিয়া আক্তার খুশি (২১) হত্যা মামলার প্রধান আসামি ও এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মোঃ সাঈদ মেহেদী (৩০)কে সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব-৬ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মামলার পলাতক আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা-ধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-৩ যশোর এবং সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যা মামলার মূলহোতা ও এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোঃ সাঈদ মেহেদী (৩০), পিতা মোঃ মোশলেম গাজী, গ্রামের বাড়ি ঢেপুখালী পূর্বপাড়া, দেবহাটা, সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আফিয়া আক্তার খুশি ও সাঈদ মেহেদী প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের পর গোপনে বিয়ে করেন এবং ঝিনাইদহ শহরে বসবাস শুরু করেন। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ সৃষ্টি হতো। অভিযোগ রয়েছে, সাঈদ মেহেদী বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন।
গত ১৩ মে ২০২৬ সকালে প্রতিবেশী নাইটগার্ড মোঃ বদর উদ্দিন মোল্যা ঘরের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে খুশিকে ঘরের মেঝেতে বিছানার ওপর মৃত অবস্থায় দেখতে পান। পরে বাড়ির মালিক বেবী করিমকে বিষয়টি জানানো হলে তিনি ঝিনাইদহ সদর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় স্বামী সাঈদ মেহেদীকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঝিনাইদহের খুশি হ/ত্যা /মা/ম/লা/র প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রে/ফ/তা/র
Share
Read more