ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক পুশ-ইন করার প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। গত দুই দিন ধরে ১১ জন নারী, পুরুষ ও শিশুকে জোরপূর্বক সীমান্ত দিয়ে পুশ-ইন করার চেষ্টার পরিপ্রেক্ষিতে বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১২টায় তিনি বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নাসির উদ্দিন পাটোয়ারী বিএসএফ-এর এ ধরনের অমানবিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বিএসএফ-এর কোনো প্রকার পুশ-ইন আর মেনে নেওয়া হবে না। যদি তারা প্রকৃত বাংলাদেশি নাগরিক হয়ে থাকে, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী আলোচনার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে হবে। কোনোভাবেই তাদের ওপর জোর খাটানো চলবে না।”
সীমান্ত হত্যার বিষয়ে তিনি বলেন, “সীমান্তে বিএসএফ যে হত্যাকাণ্ড চালাচ্ছে, তার বিরুদ্ধে সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। ভারতকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে।”
সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়নের দাবি জানিয়ে তিনি আরও বলেন, “সীমান্তবাসীদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল নেই। সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।”
বিজিবির সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, “সীমান্তে বিজিবি সদস্যদের আরও শক্তিশালী করতে হবে এবং তাদের বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। তারা যে সামান্য বেতনে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন, তাতে তাদের সংসার চলে না। এছাড়া পিলখানায় নিহত বিজিবি সদস্যদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও যোগ করে বলেন, “আমরা ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছি, ৯০-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার এরশাদকে বিতাড়িত করেছি এবং ২০২৪-এর আন্দোলনে শেখ হাসিনাকে বিদায় করেছি। আমরা কোনো দলীয় পরিচয়ে নয়, বরং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। দলমতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনই আমাদের লক্ষ্য।”
পরিদর্শনকালে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে তার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। এ সময় তাকে “দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা” স্লোগান দিতেও দেখা যায়।
উল্লেখ্য যে, গত দুই দিনে যাদের পুশ-ইন করার চেষ্টা করা হয়েছিল, তাদের আজ সাদিপুর মাঠে দেখা যায়নি। স্থানীয় বিজিবি ও সাধারণ জনগণের ধারণা, পুশ-ইন করতে ব্যর্থ হয়ে বিএসএফ তাদের পুনরায় নিজেদের দেশের ভেতরে ফিরিয়ে নিয়েছে।
এদিকে, সাদিপুর থেকে যশোর যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টের সাদিপুর রাস্তার মোড়ে পৌঁছালে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িতে স্থানীয় কিছু লোক হামলা চালায়। এতে কেউ হতাহত না হলেও গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমরা সাথেই ছিলাম, কোনো হামলা হয়নি।”