ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বি১-বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে।
বুধবার (১৮ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে ভিজিটর ভিসায় কোন কোন কার্যক্রম নিষিদ্ধ, তার তালিকা তুলে ধরা হয়।
পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বি১-বি২ ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি অনেকেই এই ভিসায় দেশটিতে গিয়ে শিশুর মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন, যা ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত। দূতাবাস জানায়, এই আচরণ ভিসার নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।
এছাড়া ভিসাধারীদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা তুলে ধরা হয়েছে। বি১-বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা যাবে না। অর্থাৎ এই ভিসায় কেউ বেতনভিত্তিক কোনো কর্মসংস্থানে যুক্ত হতে পারবেন না। শুধু ব্যবসা সংক্রান্ত আলোচনা বা সম্মেলনে অংশগ্রহণের অনুমতি রয়েছে।
দূতাবাস আরও জানায়, ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করাও নিষিদ্ধ। পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে চাইলে আলাদা স্টুডেন্ট ভিসা (এফ-১) নেওয়া বাধ্যতামূলক।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা সংক্রান্ত নীতিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেই প্রেক্ষাপটেই ভিজিটর ভিসা বিষয়ে এ ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। দূতাবাসের এই নির্দেশনা অমান্য করলে ভিসা বাতিলসহ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।