সচিবালয়ে আজ প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী

Share

মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। সেইসঙ্গে দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্মৃতিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জিয়ারত করবেন।

দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কর্মদিবসে সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি নতুন সরকার গঠন করে যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হন। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

 

Read more