চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে ককটেল বানানোর সময় বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টায় ফাঁটাপাড়া গ্রামের মো. কালামের বাড়িতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরির সময় এ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুইজন নিহত হন।
বিস্ফোরণে গুরুতর আহত হন মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) ও মো. শুভ (২০)।
আহতদের তাৎক্ষণিকভাবে চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, আহত ব্যক্তিরা ককটেল তৈরির কাজে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।