যশোর অফিস
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২ ফেব্রুয়ারি প্রথম বারের মতো আসছেন। তিনি এদিন বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে দলের নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন। দলের চেয়ারম্যানের এই আগমনকে কেন্দ্র করে গোটা যশোরাঞ্চলের বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও উৎসাহ উদ্দীপনার কমতি নেই।
যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু জানান, আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩টার দিকে দলের চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার যোগে যশোর পৌঁছাবেন। পরে যশোর উপশহর কলেজ মাঠে তিনি বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষন দিবেন। সভায় সভাপতিত্ব করবেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
দলের মহাসচিব গত পরশু দিন চেয়ারম্যানের এই সফরসূচী জেলা বিএনপিকে অবহিত করেছেন। এর পর থেকে এই বিষয়টি নিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ উৎসাহ ও উদ্দীপনার কমতি নেই। সর্বশেষ বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়া ২০০৮ সালে যশোর ঈদগাহ ময়দানে এক নির্বাচনী জনসভায় যশোরকে সিটি কর্পোরেশন করার ঘোষনা দেন। কিন্তু ওই নির্বাচনে বিএনপি সরকার গঠনে ব্যর্থ হলে যশোরের উন্নয়নের চাকা থমকে দঁাড়ায়। দুঃস্বপ্নে পরিণত হয় যশোর পৌর সভাকে সিটি কর্পোরেশনে পরিণত করার উদ্যোগ। থেমে যায় যশোরের দুঃখ ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা। যশোর মেডিকেল কলেজে ৫০০ বেডের হাসপাতাল ও পূর্ণাঙ্গ করোনারী কেয়ার ইউনিটের কাজ স্থবির হয়ে পড়ে। গত ১৫ বছরে আওয়ামী শাষনামলে যশোরে উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি। তাই বৃটিশ ভারতে প্রথম জেলা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রথম শত্রমুক্ত জেলা এবং বৃটিশ আমলে প্রতিষ্ঠিত যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশন করাসহ বিএনপি আমলে গৃহিত উন্নয়নমূলক কর্মকান্ডে ফের গতি আসবে চেয়ারম্যানের কাছ থেকে এমন ঘোষনার প্রত্যাশা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের। এদিকে এই জনসভায় বৃহত্তর যশোর ও বৃহত্তর কুষ্টিয়ার ৮ জেলার ধানের শীষ প্রতিকের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা উপস্থিত থাকবেন।
তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে যশোর জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। যশোর উপশহর কলেজ মাঠের উত্তর পাশের্ব নির্মিত হচ্ছে জনসভার বিশাল মঞ্চ। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই কলেজ মাঠের পাশেই ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট স্কুল মাঠ এবং উপশহর পার্কের মাঠে স্থাপন করা হচ্ছে জায়েন্ট স্ক্রীন। প্রজেক্টরের মাধ্যমে এসব স্ক্রিনে তারেক রহমানের বক্তৃতা প্রচার করা হবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন,২ ফেব্রুয়ারি সকালে চেয়ারম্যান খুলনায় এক জনসভায় ভাষন দিবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টার যোগে যশোর উপশহর কলেজ মাঠে পৌঁছাবেন বিকাল তিনটার দিকে। আমরা বেলা ১২ থেকেই জনসভার কাজ শুরু করে দিবো। চেয়ারম্যান স্টেজে ওঠার আগেই বৃহত্তর কুষ্টিয়ার চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের বক্তৃতা শেষ করা হবে। সময়ের দিকে খেয়াল রেখে এসব জেলার ধানের শীষ প্রতিকের প্রার্থীরাও বক্তৃতা করবেন।অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু দলের চেয়ারম্যান তারেক রহমান এই প্রথম বারের মতো যশোরে রাজনৈতিক কোন প্রোগ্রামে আসছেন। তিনি নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন। যে কারনে দলের তৃণমুল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি এই মাঠে প্রায় ২ লাখ মানুষের সমাগম ঘটবে।