যশোর অফিস
যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় জামায়াতের এক নেতা ও তার পিতাকে মারপিটের ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আহত জামায়াত নেতা হলেন এনামুল কবির মুক্তি (৪০)। তিনি ঝুমঝুমপুর ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
এনামুল কবির মুক্তি শহরতলীর ঝুমঝুমপুর বিশ্বাসপাড়া ক্লাব মোড় এলাকার বাসিন্দা লোকমান উদ্দিনের ছেলে।
মামলার আসামিরা হলেন ঝুমঝুমপুর স্কুল মোড় এলাকার আব্দুল মজিদ মোল্লার ছেলে শাহিন হোসেন, মৃত আকবর আলীর ছেলে আমিরুল ইসলাম ও মনিরুল ইসলাম, মৃত জয়েনাল মোল্লার ছেলে আইয়ুব আলী, বাবর আলীর দুই ছেলে রবিউল ইসলাম ও রকিম এবং আনসার আলী মোল্লার দুই ছেলে আনারুল ইসলাম ও জামিরুল ইসলাম।
মামলার এজাহারে লোকমান উদ্দিন উল্লেখ করেন, আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।তারা মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে পরিচিত।
এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি সকাল আটটার দিকে ঝুমঝুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আসামি রবিউল ইসলামের চায়ের দোকানের সামনে নির্বাচনী ব্যানার উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন এনামুল কবির মুক্তি। এ সময় পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তার ওপর হামলা চালায়। তারা কিল, ঘুষি, চড় ও থাপ্পড় মারতে থাকে এবং দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
ছেলের চিৎকার শুনে লোকমান উদ্দিন এগিয়ে গেলে তাকেও মারপিট করা হয়। পরে আসামিরা পুনরায় হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর লোকমান উদ্দিন ও তার ছেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরবর্তীতে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করে।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।