এক জালিম বিদায় করে জাতি আর কোনো জালিমকে ক্ষমতায় দেখতে চায় না: শফিকুর রহমান

Share

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ৫৪ বছরে যারা শাসন করেছেন, তারা জাতির ওপর ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারেননি। দেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে। এ দেশের জনগণ এক জালিমকে বিদায় করে আর এক জালিমের হাতে দেশ তুলে দিতে চায় না।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-৬ আসনে ১০ দলীয় জোটসমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।
বিগত সরকারের উন্নয়নের কঠোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, তারা বলেছিল দেশ সিঙ্গাপুর ও কানাডা হবে। হ্যাঁ, তারা সিঙ্গাপুর-কানাডা বানিয়েছে, তবে তা দেশের সাধারণ মানুষের জন্য নয়। জনগণের টাকা চুরি করে ডাকাতরা সিঙ্গাপুরে ব্যবসা ফেঁদেছে আর কানাডায় গড়েছে ‘বেগমপাড়া’।

তারা উন্নয়নের নামে রডের বদলে বাঁশ আর সিমেন্টের বদলে ছাই ব্যবহার করে জাতির সঙ্গে তামাশা করেছে।
জামায়াতের আমীর তার বক্তব্যে একটি বৈষম্যহীন বাংলাদেশের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আমরা এমন এক সামগ্রিকতার বাংলাদেশ চাই, যেখানে কোনো জমিদার তৈরি হবে না। মানুষের পরিচয় হবে ‘আমি একজন বাংলাদেশি’।

রাষ্ট্র শিশুদের শিক্ষা, চিকিৎসা এবং প্রবীণদের মর্যাদার পূর্ণ দায়িত্ব নেবে। আমরা ফুলের বাগানের মতো করে এ দেশকে সাজাতে চাই।
ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর চলমান জুলুমের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমি ব্যবসায়ীদের কান্না শুনতে পাই। আমরা ওয়াদা করছি, আমরা ক্ষমতায় গেলে চাঁদা নেব না, কাউকে নিতেও দেব না। দুর্নীতি আমরা করব না, সহ্যও করব না।

আমরা জামায়াতের বিজয় চাই না, আমরা মানুষের বিজয় চাই।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ‘আজাদি বনাম গোলামি’র লড়াই হিসেবে অভিহিত করে তিনি দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বাধীনতার পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে তিনি বলেন, রাষ্ট্রের কোনো কোনো দায়িত্বশীল ব্যক্তি বিদেশ গিয়ে একজনকে ‘মাস্টারমাইন্ড’ বলছেন। আমি এর প্রতিবাদ করি। একজনকে মাস্টারমাইন্ড বললে বাকি শহীদদের অপমান করা হয়। এই যুদ্ধের মাস্টারমাইন্ড ছিল এ দেশের ১৮ কোটি মানুষ। জুলাইয়ের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না।

Read more