নারীর ক্ষমতায়ন ছাড়া বাংলাদেশের অগ্রগতি অসম্ভব: জাইমা রহমান

Share

প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেছেন, দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যেই থাকা প্রয়োজন।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরামের আয়োজনে ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জাইমা রহমান বলেন, এখানে উপস্থিত সবাই একই আদর্শ বা অভিজ্ঞতার মানুষ নন। সবার দৃষ্টিভঙ্গি আলাদা হলেও আমরা একসঙ্গে বসে আলোচনা করছি, একে অপরের কথা শুনছি। ভিন্নমত থাকা সত্ত্বেও একসঙ্গে কথা বলার এই পরিবেশই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।

তিনি আরও বলেন, ভিন্ন অনুভূতি ও আবেগ নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি। পলিসি পর্যায়ে এটি আমার প্রথম বক্তব্য। আমি এমন কেউ নই যে সব প্রশ্নের উত্তর জানে বা সব সমস্যার সমাধান আমার কাছে আছে। তবে আমি বিশ্বাস করি, নিজের অবস্থান থেকে সমাজ ও দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার থাকা উচিত। আজ আমি এসেছি মূলত শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে।

নারীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জনসংখ্যার অর্ধেক অংশকে বাদ দিয়ে কোনো দেশই টেকসই উন্নয়নের পথে অনেক দূর এগোতে পারে না।

আলোচনা সভায় অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বলেন, নারীদের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো অর্থায়নের সুযোগ বা ‘অ্যাকসেস টু ফাইন্যান্স’। বিশেষ করে নারী ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পেতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন। তিনি বলেন, ভবিষ্যতে যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন, তাদের এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর নারীরা আরও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলেও তিনি মন্তব্য করেন।

Read more