শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

Share

কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের সংবাদ সম্মেলন স্থগিত করার প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরীর বাসভবন অবরোধ করেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ১০টায় উপাচার্যের বাসভবন অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে, রাত ৮টা থেকে প্রশাসনিক ভবন-১ এর সামনে অবস্থান নেন তারা।

কর্মসূচি থেকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, আজ সংবাদ সম্মেলন করে শাকসু নির্বাচনের তফসিল দেওয়ার কথা ছিল। তবে সেটি কোনো একটি মহলের প্রভাবে স্থগিত করা হয়েছে। আমরা আজকের মধ্যে শাকসুর তারিখ ও তফসিল চাই।

এর আগে, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শাকসু বিষয়ে সংবাদ সম্মেলন ডাকেন উপাচার্য। তবে নির্ধারিত সময়ের কয়েক মিনিট পর সাংবাদিকদের জানানো হয় মিটিংটি স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী বলেন, আমি একটি মিটিং শেষ করেছি, আরেকটি মিটিং চলমান থাকায় সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। আগামীকাল অথবা পরশু সংবাদ সম্মেলনটি হবে বলেও জানান তিনি।

 

Read more